ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা নিয়ে শেষ সতর্কবার্তা জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রুখতে আরও বেশি সতর্ক হওয়ার চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা।
এর আগে বিজ্ঞানীরা বিশ্বব্যাপি তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দিয়েছিলেন কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাপমাত্রা এখন বাড়ছে ৩ ডিগ্রি সেলসিয়াস হারে।
বিজ্ঞানীদের মতে ১.৫ সেলসিয়াসের নিচে তাপমাত্রা বৃদ্ধির হার রাখতে হলে প্রবল পরিবর্তন আনতে হবে সমাজে। তবে সেটা খুবই ব্যয়বহুল হবে। তাই বলে সম্ভাবনার দরজা একেবারেই বন্ধ নয়।
তিন বছরের গবেষণা শেষে একবছরব্যাপি বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের মধ্যেকার কথাবার্তা শেষে সাউথ কোরিয়ার মিটিংয়ে ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হারে তাপমাত্রা বাড়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
সেখানে কিছু কিছু বিষয়ে ছাড় দেয়ার কথা থাকলেও কিছু বার্তা এসেছে একেবারে পরিষ্কারভাবে।
আইপিসিসির কো চেয়ার প্রফেসর জিম কিয়া বলেন, প্রথমত তাপমাত্রা বাড়ার হার ২ ডিগ্রি না হয়ে ১.৫ ডিগ্রি হলেও সেটা অনেক বেশি ফলপ্রসু হতো। তাহলে পরিবেশ পরিবর্তনের অনেক প্রভাব গুরুত্বপূর্ণভাবে রোধ করা সম্ভব হতো।
দ্বিতীয়ত, তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ করতে চাইলে কিছু অভূতপূর্ব পরিবর্তন আনতে হবে। এনার্জি সিস্টেমে পরিবর্তন, জমি নিয়ন্ত্রণে পরিবর্তন এবং যাতায়াতের জন্য যান ব্যবহারেও পরিবর্তন আনতে হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণের বেশ কিছু পদক্ষেপও তুলে ধরেছেন বিজ্ঞানীরা।







