পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসা প্রয়োজন।
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের পাশের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরিবেশ ও প্রকৃতি রক্ষা না করলে মানুষও বিপন্ন হয়ে পড়বে।
নতুন বসতির সঙ্গে বনখেকোদের কারণে ছোট হচ্ছে বনভূমির আয়তন, আর কমে আসছে জীববৈচিত্র্য।
ভারতের ত্রিপুরার সীমান্তবর্তী হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানে ঘিরে থাকা সাতছড়ি জাতীয় উদ্যানও বিপদমুক্ত নয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, পাখি নিধন করা যাবে না। কোনো ধরনের বন্য প্রাণীদেরকে আমরা নিধন করবো না।
বনের আশপাশের বাসিন্দারা বনের জন্য হুমকি না হয়ে যাতে বন রক্ষার হাতিয়ার হন সেই আহ্বান নিয়ে সাতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, আমাদের সবাই মিলে জীব বৈচিত্র্য রক্ষ করতে হবে। এটা রক্ষা না করলে আমরা ভবিষ্যতে অক্সিজেন আর পাবো না। পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য আমাদের জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি, পরিবেশ আর জীববৈচিত্র রক্ষার তাগিদ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতার এ জাগরণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে পরিবার ও সমাজে।






