কমেডি ড্রামা সিরিজ ‘ইয়োঙ্গার’ খ্যাত অভিনেত্রী নিকো টরটিলা বিয়ে করেছেন। শনিবার তিনি এই তথ্য জানিয়েছেন। ২০০৭ সাল থেকে চুটিয়ে প্রেম করার পর স্বঘোষিত উভকামি এই জুটি বিয়ে করেছেন। সঙ্গী বেথানি সি মেয়েরস এর সঙ্গে ৯ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিকো টরটিলা।
বেথানি সি মেয়েরস পেশায় একজন ফিটনেস ইনস্ট্রাক্টর এবং লাইফস্টাইল এন্ট্রাপ্রেনিউর। বিয়ের ছবি এবং গল্প প্রকাশিত হয়েছে এলজিবিটিকিউ ম্যাগাজিন ‘দেম’-এ। বিয়ের ছবিতে দেখা গেছে তারা শুভ্র পোশাকে নিজেদের সাজিয়েছেন। দুজনের পোশাকই নারী এবং পুরুষের পোশাকের সংমিশ্রণে তৈরি করা। পোশাক দুটি ডিজাইন করেছেন তাদেরই বন্ধু অ্যান্ড্রু মরিসন। নিকো টরটিলার মাথায় ছিল টিয়ারা এবং বেথানির মাথায় শোভা পেয়েছে ভিক মুসিও ক্রাউন। তাদের মনোমুগ্ধকর ছবিগুলো তুলেছেন ভিক্টোরিয়া ম্যাথিউস।
তাদের বিয়েতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। ছিল না কেক, ফুল, রিসেপশন, কোনো আংটিও বদল হয়নি তাদের। কোনো অতিথিও ছিলনা। কোর্ট হাউজ সেরেমনিতে আয়োজিত এই অনুষ্ঠানে মাত্র দুই মিনিট সময় লেগেছে তাদের বিয়ের বন্ধনে আবদ্ধ হতে। ই-অনলাইন







