পরিকল্পিতভাবে নাশকতা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াপল্টনে পরিকল্পিতভাবে নাশকতা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। পুলিশ আগে থেকে কিছু করেনি, যানবাহনকে স্বাভাবিকভাবে চলতে দেয়ার চেষ্টা করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
বুধবার নয়াপল্টনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলছিল। বড় বড় শোডাউন করে মনোনয়ন প্রত্যাশীরা নয়াপল্টনে মনোনয়ন ফরম নিতে আসলে দুপুর ১২টার দিকে পুলিশ এই শোডাউনে বাধা দেয় বলে অভিযোগ করে বিএনপি। এসময় কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নেতাকর্মী ও সমর্থকদের ওপর প্রথমে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দিলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনোনয়ন ফরম নিতে আসলে বিনা উস্কানিতে অতর্কিতভাবে হামলা চালায় পুলিশ। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, বুধবার সকালে মনোনোয়ন ফরম নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে রাখলে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে পুলিশ। এ নিয়ে তাদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।







