ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’ দিয়ে সাড়া ফেলেছেন পরিচালক রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘দহন’-এর পর তিনি তার তৃতীয় সিনেমা ‘পরাণ’ দিয়ে নির্মাতা হিসেবে আলাদা ইমেজ তৈরি করেছেন। যেহেতু দর্শকদের ‘পরাণ’ জয় করেছেন, তাই দর্শকরাই বলছেন, রাফী ‘পরাণ’জয়ী পরিচালক।
সবখানেই এখন পরিচালক রায়হান রাফীর ভূয়সী প্রশংসা। মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় লগ্নী করে লাইভ টেকনোলজিস। সাফল্যের ধারাবাহিকতায় শিগগির দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এদিকে, ঈদে অনন্ত জলিলের বিগ বাজেটের ‘দিন দ্য ডে’ ও অনন্য মামুনের ‘সাইকো’ দুটি সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে শীর্ষে আসে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’।
এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স ও সিনেমা হল মালিক সমিতি। মুক্তির চতুর্থ সপ্তাহেও ৬০ হলে চলছে ত্রিভুজ প্রেমের ছবি ‘পরাণ’। লগ্নীকারক প্রতিষ্ঠান লাইভ টেকনোলিজসের পরিচালক তামজিদ অতুল নিজেও রায়হান রাফী প্রশংসায় পঞ্চমুখ হয়ে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে লিখেছেন, রাফি তোমার ‘পরাণ’ এখন হিট। শুধু হিট বললে ভুল হবে, পরাণ এখন সুপার ডুপার বাম্পার হিটের পথে।

তিনি আরো লিখেছেন, কন্টেন্ট ম্যাটার, কন্টেন্ট ফ্যাক্ট, কন্টেন্ট কথা বলে, কন্টেন্ট দৌড়ায় আর কন্টেন্ট নিয়ে কাজ করতে যে মেধা ডেডিকেশন আর ভালোবাসা লাগে, তার সব কিছুই আমাদের রায়হান রাফীর মাঝে আছে। সে কপিপেস্টে বিশ্বাসী না এবং কনসেপ্ট চুরি করা কাজ সে নিজে এড়িয়ে চলে এবং প্রচণ্ড অপছন্দ করে। সব থেকে বড় হল সে নিজের দেশকে ভালোবাসে আর বিশ্বাস করে নিজের দেশের অরিজিনাল কন্টেন্টের উপর।
”রায়হান রাফীকে কখনও বলতে শুনিনি অমুক দেশী কলাকুশলী লাগবে। অমুক দেশের অমুক স্পটেই এই দৃশ্য না করলে হবেই না। রায়হান রাফীর একটাই কথা “যা হবে ভাই সব আমার দেশেই হবে। ভাই আমরা পারি, খালি ভরসাটা রাখেন।”
তামজিদ অতুল আরও লিখেছেন, রাফী তোমার উপর ভরসা রেখেছি এবং তুমি তোমার কথা যে শুধু কথা নয় সেটা পর্দায় প্রমাণ করেছো। এখন বাংলাদেশের আপামর সিনেমাপ্রেমী মানুষ তোমার উপর ভরসা রাখে আর সেটা তুমি তোমার কাজের প্রতি দক্ষতা ও সততা দিয়ে অর্জন করে নিয়েছো। বিশ্বাস করি তোমার এই কন্টেন্টের পাশাপাশি যদি এখন বলিউড কন্টেন্টও চলে তাহলেও দেশী কন্টেন্টেরই জয় হবে। এর কারণ হল, “মানুষের মনে যে রাফীর পরাণ গেথে গেছে সফল বাণিজ্যিক ছবি হিসাবে।“

সবশেষে তিনি লিখেছেন, এটা মানতেই হবে যে কন্টেটের জোরেই ডিষ্ট্রিবিউশন চ্যানেল তৈরি হয়, কিন্তু ডিষ্ট্রিবিউশন চ্যানেলের জোরে কোন কন্টেন্ট হিট হয় না। আবার বলছি, ডিষ্ট্রিবিউশন চ্যানেলের জোরে কোন কন্টেন্ট হিট হয় না। শুধু কাজের ক্ষেত্রে প্রফেশনাল সম্পর্ক নিয়ে নয়। আমরা রাফীর পাশে থাকবো মন থেকে। তোমার প্রথম ওটিটি কন্টেন্ট লাইভ টেকনোলজিস’র জানোয়ারও ছিল বাম্পার হিট। আর থিয়েটারে লাইভ লাইভ টেকনোলজিস থেকে করা মুভিও হলে সুপার ডুপার হিট। লাইভ লাইভ টেকনোলজিস এর পক্ষ থেকে তোমাকে শুভ কামনা। যেতে হবে বহু দূর।







