ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করা রবার্ট কি চাইছেন সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা হেড কোচ। সেক্ষেত্রে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে টেস্ট দলের কোচ হিসেবে নেয়ার লক্ষ্য স্থির করেছে ইংলিশরা।
ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কারস্টেনের নামও ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হওয়ার তালিকায় আছে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দ্য হান্ড্রেড-এ সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে আছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। ইংলিশদের সাদা বলের কোচ হওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হতে পারে।
অ্যাশেজে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারের পর ইংল্যান্ড ক্রিকেট টালমাটাল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। হেড কোচের পদ থেকে সরে যান ক্রিস সিলভারউড। সাদা পোশাকের অধিনায়কত্ব ছাড়েন জো রুট। ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেন অ্যাশলে জাইলস।
এমতাবস্থায় টেস্ট ক্রিকেট নিয়ে ইসিবি নতুন করে নিজেদের পরিকল্পনা সাজাতে চাইছে। এরই অংশ হিসেবে একটি পদক্ষেপ হতে পারে সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা হেড কোচ নিয়োগ।
এ প্রসঙ্গে রবার্ট কি বলেন, টেস্ট দলে সম্পূর্ণ ভিন্ন স্টাইলের কোচ দরকার, যিনি হবেন সংস্কৃতি এবং পরিবেশ নিয়ন্ত্রণকারী। সবচেয়ে বড় বিষয় হল মানসিকতা, যা আমি মনে করি খুবই দুর্বল।
এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন এক গণমাধ্যমকে বলেছিলেন, আমার মতে এই মুহূর্তে ক্রিকেটে রিকি পন্টিংয়ের চেয়ে সূক্ষ্ম মস্তিষ্ক আর কেউ নেই। তিনি খেলাটি বেশ ভালোভাবে পড়তে পারেন।







