পদ্মাবতী নিয়ে তোলপাড় চলছেই। মুক্তির আগেই বিতর্কের ঝড় তুলেছে সঞ্জয় লীলা বানসালীর এ সিনেমাটি। ভারত জুড়ে রীতিমত দানা বেঁধেছে ‘পদ্মাবতী’মুক্তি ঠেকানোর আন্দোলন। এমনকি ছবির অভিনেতা ,অভিনেত্রীদের হত্যারও হুমকি দিয়েছে রক্ষণশীল গোষ্ঠীগুলো।
সব মিলিয়ে ভারতে আপাতত মুক্তি পাওয়া অসম্ভব পদ্মাবতীর। কিন্তু এদিকে ভারতের পাশাপাশি এক যোগে লন্ডনেও ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।
তবে, লন্ডনের চলচ্চিত্র অধিদফতরের অনুমতিও মিলেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন,’ ছবিটি মুক্তি দিতে কোন বাঁধা নেই তাদের’। এ নিয়ে প্রতিষ্ঠানটি টুইটারে একটি অফিসিয়াল পোস্টও দিয়েছেন।
কিন্তু সেই সাথে জানিয়েছেন, তাদের পক্ষ থেকে আপত্তি না থাকলেও ছবিটি প্রদর্শনের জন্য ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদের সার্টিফিকেট লাগবে। লন্ডন কর্তৃপক্ষ এখন সেটির অপেক্ষায় আছেন।
সব মিলে গেলেই কেবল ১ ডিসেম্বর লন্ডনে মুক্তি পাবে পদ্মাবতী। মূলত, পদ্মাবতীর কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহাসিক এক ঘটনার ছায়া অবলম্বনে। যার প্রধান চরিত্র রাজস্থানে অবস্থিত চিতোরের রাণী পদ্মিনী। আর তার সাথে দিল্লির মুসলিম সুলতান আলাউদ্দিন খিলজির প্রেম নিয়েই বানসালীর এ সিনেমা। কিন্তু সেখানেই এসেছে ইতিহাস বিকৃতির অভিযোগ। আর তা নিয়েই ক্ষেপেছে পুরো ভারত। এনডিটিভি








