হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকস পদত্যাগ করছেন।
২৯ বছর বয়সী এই সাবেক মডেল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ছিলেন ট্রাম্প অর্গানাইজেশনের কর্মী। ট্রাম্প সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত হিকস তার সর্বোচ্চ মেয়াদী উপদেষ্টাদের একজন। বহু বছর ধরে ট্রাম্পের পাশে ছিলেন তিনি।
একেবারে হুট করেই যোগাযোগ প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন হোপ হিকস। কারণ হিসেবে সহকর্মীদের বলেছেন, হোয়াইট হাউজের কর্মকর্তা হিসেবে তার পক্ষে যা কিছু অর্জন করা সম্ভব ছিল তার সবটাই তিনি অর্জন করে ফেলেছেন।
হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, হিকস আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ ট্রাম্প প্রশাসন ছাড়বেন তা এখনো পরিষ্কার নয়। পদত্যাগের কারণ সম্পর্কে কিছু না বললেও স্যান্ডার্স বলেছেন, এর সঙ্গে হোয়াইট হাউজ গোয়েন্দা কমিটির কাছে মঙ্গলবার হিকসের দেয়া জবানবন্দীর কোনো সম্পর্ক নেই।
বিবিসি জানায়, মঙ্গলবার দেয়া ওই জবানবন্দীতে হিকস প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ হয়ে মাঝেসাঝে ছোটখাটো কিছু ‘নির্দোষ মিথ্যা’ বলার কথা স্বীকার করেছেন। তবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে কোনো মিথ্যা কথা বলা বা তথ্য গোপনের কথা অস্বীকার করেছেন তিনি।
নির্বাচনী প্রচারণার সময় হোপ হিকস ছিলেন ট্রাম্পের প্রেস সচিব। ট্রাম্পের জয়ের পর তিনি হন হোয়াইট হাউজের চতুর্থ যোগাযোগ প্রধান।







