আলোড়ন তোলা পানামা পেপারে অফশোর কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার তথ্য থাকায় জনগণের বিক্ষোভের মুখে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দার গানোলোগসনের পদত্যাগের খবরের একদিন পর জানা গেলো তিনি পদত্যাগ করেননি। বরং অনির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর এমন দাবিতে এরইমধ্যে নাজুক অবস্থায় চলে যাওয়া জোট সরকার আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো।
পানামাভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস করা বিপুল গোপনীয় আর্থিক তথ্যের প্রথম রাজনৈতিক বলি হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। মঙ্গলবার তার পদত্যাগের তথ্যটি ব্যাপক প্রচার পায়। সিগমান্দার ও তার স্ত্রী আন্না সিগুরলাং ২০০৭ সালে ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডসে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন বলে গোপন তথ্যটি প্রকাশ পায় ফাঁস হওয়া দলিলে।
সংসদ বিলুপ্তি এবং আগাম নির্বাচনের জন্য সিগমান্দারের আবেদন দেশটির প্রেসিডেন্ট অলাফর রাগনার গ্রিমসন বাতিল করার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয় তিনি পদত্যাগ করেননি।
আট বছর আগে ঋণভারে জর্জরিত দেশের অর্থনীতিকে পুনর্জীবন দেয়ায় সিগমান্দারের প্রশংসা করে বিবৃতিতে বলা হয় “প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এবং প্রগ্রেসিভ পার্টির চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত থাকবে।”
তবে সাময়িকভাবে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করতে মৎস্য ও কৃষিমন্ত্রী সিগুরদার জোহানসনকে পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হলেও সিগমান্দার আবার ফিরে এলে কী হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
সুত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস










