পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে এক সন্তানের জননী তয়না (২০) নামের এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। পারিবারের দাবি, তয়নার স্বামী মিলনই এ কাণ্ড ঘটিয়েছে।
গলাচিপা উপজেলার গুপ্তের হাওলা গ্রামের ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোররাতে ঘরের হোগলাপাতার বেড়া কেটে তয়নার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। ডাকচিৎকারে আর্তনাদে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী ও এসিডদগ্ধ গৃহবধুর পারিবারের সদস্যরা জানায়, প্রায় ৪ বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে গলাচিপার উত্তর হাওলা গ্রামের জলিল হাওলাদারের মেয়ে তয়নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিয়ে আসছিলো।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








