ক্যারিয়ারের ৫০তম ম্যাচ শতকে রাঙানোর দারুণ সুযোগ পেয়েছিলেন লিটন দাস। নবির বলে গুলবাদিনের ক্যাচ হয়ে সেই সম্ভাবনার শেষ টেনেছেন ড্যাশিং ওপেনার। তিন ফরম্যাট মিলিয়ে চার হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে ৮৬ রানে থেমেছে ডানহাতি ব্যাটারের ইনিংসটি।
আফগানদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুটিতে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন লিটন। তিন ম্যাচে একটি করে শতক ও ফিফটিতে করেছেন ২২৩ রান, ম্যাচ প্রতি রান তুলেছেন ৭৪.৩৩ গড়ে।
ক্যারিয়ারের পঞ্চাশতম ম্যাচে চতুর্থ ফিফটি তোলার দিনে লিটন হাঁকিয়েছেন সাতটি চার। ১১৩ বলের ইনিংসে আউট হবার আগে কোনো সুযোগই দেননি আফগান বোলারদের। স্লগ সুইপে বড় শট খেলতে গিয়ে টানা দ্বিতীয় শতক হাঁকানো সুযোগ হাতছাড়া করেছেন। ডিপে গুলবাদিনের তালুবন্দি হয়েছেন। ক্যারিয়ারের নয় ফিফটি পেরোনো ইনিংসের পাঁচটিকেই তিন অঙ্কে রূপ দেয়া ডানহাতি হারান সুযোগ।
সাগরিকায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে লিটনের ব্যাটে বড় লক্ষ্যে এগোচ্ছিল বাংলাদেশ। ৩৫.৫ ওভারে দলীয় ১৫৩ রানে লিটন ফিরলে কিছুটা স্লথ হয়েছে টাইগারদের রান তোলার গতি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২.৫ ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান। ক্রিজে ২২ রানে ব্যাট করা মাহমুদউল্লাহকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ (০)।








