ব্রাজিলের গম দেখতে খারাপ হলেও আবারও গুণমত মান ভালো দাবি করে যে কাউকে গম পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। জাতীয় সংসদে তিনি বলেছেন, এই গম নিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। বেশিরভাগ গম বিতরণ করা হলেও কোনো অভিযোগ আসেনি বলে দাবি করেন খাদ্যমন্ত্রী।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আলোচিত গম নিয়ে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী দাবি করেন, ব্রাজিল থেকে কেনা গমের মধ্যে কোনো পচা গম নেই । দুইলাখ মেট্রিক টন গম কেনা হয়েছিলো। ২৫ হাজার মেট্রিক টন এখন সরকারি গুদামে আছে। বাদবাকি বিতরণ হয়ে গেছে। কিন্তু কোনো অভিযোগ আসেনি।
কুষ্টিয়ার কুমারখালীর গুদামে গম ঢুকতে না দেয়ার ঘটনা এমপি আর উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে বলে দাবি করে মন্ত্রী বলেন, পচা গমের ছবি ও সংবাদ অসত্য। গম নিয়ে আদালতে যে রিট হয়েছে তার পেছনেও বিএনপি নেতারা আছেন।






