বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর ছেলে নোমানুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমণ্ডির ২৭ নম্বরে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। নোমানুর রশীদ স্ত্রী সাদিয়া রশীদ চৌধুরী, আমেরিকা প্রবাসী ছেলে মাহসুন রশীদ চৌধুরী ও মেয়ে মিনাল রশীদ চৌধুরীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আমেরিকা থেকে ছেলে-মেয়েরা আসার পর আগামী ৪ নভেম্বর ধানমণ্ডির তাকুয়া মসজিদে বাদ জোহর প্রথম জানাযা শেষে তার মরদেহ সিলেটে নিয়ে আসা হবে। একই দিন বাদ এশা নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।










