ইউরোপের শরণার্থী সংকটের সামনের সারিতে অবস্থান করা গ্রিসের দ্বীপবাসীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হতে পারে।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সম্প্রতি এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।
২০১৫ সালে ভীত-সন্ত্রস্ত, পর্যুদস্ত ও অনিরাপদ ছোট ছোট নৌকায় করে আসা যে নয় লাখ শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছেন তাদের বেশিরভাগকেই প্রথমে গ্রহণ করেছিলেন এজিয়ান সাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপের অধিবাসীরা।
গার্ডিয়ান জানিয়েছে, ওইসব গ্রিক দ্বীপবাসীর বেশিরভাগই ছিলেন জেলে এবং তারা নিজেদের উপার্জনের কাজ বন্ধ রেখে শরণার্থীদের উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই বিশ্ব মানবতার স্বার্থে তাদের বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার নোবেল দিয়ে সম্মানিত করা হতে পারে।
পুরস্কারের মনোনয়নের তারিখ ১ ফেব্রুয়ারি। এ বিষয়ে আভাজ নামের একটি ওয়েবসাইটে একটি আবেদন পত্র রয়েছে।
আবেদনে বলা হয়েছে, এই দ্বীপবাসী যুদ্ধ আর সংঘর্ষ থেকে পালিয়ে এসে দ্বীপে আশ্রয় নিয়েছে। দ্বীপবাসী তাদের খাদ্য-বস্ত্র-থাকার জায়গার ব্যবস্থা করেছে।’
ওই আবেদন পত্রে এরইমধ্যে দুই লাখ ৮০ হাজার স্বাক্ষর পড়েছে।






