নেপালে ৪২টি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা। দেশটিতে ‘ভারতীয় পণ্য বন্ধের’ একটি অনানুষ্ঠানিক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ওই পদক্ষেপ নেওয়া হয়।
নেপালের নতুন সংবিধানের প্রতিবাদ হিসেবে চলমান ওই অবরোধের মাঝে দক্ষিণ নেপালে ভারত-নেপাল সীমান্তে মালপত্র বোঝাই সারি সারি ট্রাক আটকা পড়ে আছে।
ভারত নেপালের নতুন সংবিধানের সমালোচনা করে আসলেও দেশে পণ্য প্রবেশে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে পণ্য আপাতত ঢুকতে দেওয়া হচ্ছে না।
একটি মাওবাদী উপদল নেপালে ভারতীয় চলচ্চিত্র ও টিভি চ্যানেল বন্ধের দাবিতে আন্দোলন চালানোর কিছুদিন পরই টিভি চ্যানেল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হলো।
সম্প্রচার অনির্দিষ্টকাল বন্ধ থাকতে পারে বলে বিবিসি নেপালিকে জানান নেপালের কেবল টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি সুধীর পারাজুলি।
তিনি বলেন, তারা ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ; ভারত নেপালের সার্বভৌমত্বে অনধিকার চর্চা করছে।
এর ২ দিন আগে কাঠমান্ডুর একটি মুভি থিয়েটার ভারতীয় চলচ্চিত্র দেখানো বন্ধ করে দেয়।







