নেপালের রাজধানী কাঠমান্ডুতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডু, নেপালের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকালে দূতাবাসে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামসের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
এরপর প্রভাতফেরির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসে শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সকল ভাষা শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, ভাষা ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। সকালের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।
বিকেলে দূতাবাস প্রাঙ্গণে মাতৃভাষার চেতনা ও শহীদদের স্মরণে বাংলাদেশ দূতাবাস এবং নেপাল ভাষা কেন্দ্র যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, নেপাল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।










