গত এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন ৮০ হাজার নেপালি পরিবার। ভূমিকম্প দুর্যোগের মধ্যে নতুন দুর্যোগ হিসাবে আসে ভারতের অঘোষিত বাণিজ্য অবরোধ। ভারতের অবরোধে তীব্র জ্বালানি সংকটে আছে নেপাল। আর এই কারণে আসছে শীতে কঠিন অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে লাখ লাখ নেপালি।
নতুন সংবিধান রচনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে অপ্রকাশিত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে নেপাল। এর জের ধরে হাইওয়েতে নিরাপত্তার অজুহাতে নেপালের ওপর অঘোষিত বাণিজ্য অবরোধ আরোপ করেছে ভারত। ফলে তীব্র জ্বালানি সংকটে পড়েছে লাখ লাখ নেপালি। এই জ্বালানি সংকটের কারণে শীতে খাদ্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের ক্ষেত্রে নেপালিরা চরম অবস্থার সম্মুখীন হবে পারে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয়কারী নেপালি শাখা।
এপ্রিলের ওই ভূমিকম্পে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়। ৬ লাখ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার বসত বাড়ি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৮ লাখ মানুষ।
বাস্তুহারা ৭ লাখ মানুষের জন্য অস্থায়ী থাকার জায়গা বানানো হয়েছে নেপালে। কিন্তু স্থায়ী থাকার জায়গার অভাবে শীতে এসব মানুষের কি অবস্থা হবে তা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ।







