নেদারল্যাণ্ডের হেগ শহরে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী (২৪-২৭ ফেব্রুয়ারি) “দি হেগ ফ্রিডম বুক ফেয়ার” বা মুক্তি বইমেলা –হেগ, ২০১৭। জঙ্গি হামলায় নিহত লেখক, ব্লগার অভিজিৎ রায়ের প্রতিষ্ঠিত ব্লগ মাধ্যম মুক্তমনা এবং নেদারল্যাণ্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য হেগ পিস প্রজেক্টসের যৌথ উদ্যোগে এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
মুক্তমনা সম্পাদকমণ্ডলীর সদস্য রায়হান আবিরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন আজাদ থেকে অভিজিৎ রায়, গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব শোভন থেকে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের উপর হামলাগুলো যেনো মহান ফেব্রুয়ারী মাসকে লক্ষ্য করে, বইমেলাকে লক্ষ্য করে। কলমকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা।
২০১৫-তে রোদেলা প্রকাশনী, ২০১৬-তে ব-দ্বীপ প্রকাশনী নিষিদ্ধ ও শামসুজ্জামান মানিককে গ্রেপ্তার এবং এবারের বইমেলায় শ্রাবণকে নিষিদ্ধ করার চেষ্টার মাধ্যমে বাংলা একাডেমীও মুক্তচিন্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে উল্লেখ করা হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
এরকম প্রেক্ষাপটেই মুক্তমনা ও হেগ পিস প্রজেক্ট হেগ শহরে ২১ ফেব্রুয়ারি- ২০১৬ তারিখে “বাংলাদেশ অল্টারনেটিভ বুকফেয়ার” (Bangladesh Alternative Book Fair- 2016)নামে একদিনের একটি বইমেলার আয়োজন করে। সেই সফল আয়োজনের ধারাবাহিকতায়ই এবারো চারদিনের এই আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হচ্ছে।
বইমেলার অনুষ্ঠানসূচিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্যানেল আলোচনায় অংশ নিবেন অভিজিৎ রায়ের স্ত্রী মুক্তমনা ব্লগের প্রধান রাফিদা আহমেদ বন্যা, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ইস্টিশন ব্লগের প্রতিষ্ঠাতা মডারেটর ও প্রবাসী ব্লগার নুর নবী দুলাল এবং নৃবিজ্ঞানী, আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ। এছাড়াও বিভিন্ন দেশের মানবাধিকার ও মানবতাবাদী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দার্শনিক, লেখকরা আলোচনায় অংশ নিবেন।








