দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কী বিপরীতমুখী অবস্থান! যেখানে আর্জেন্টিনার বাছাইপর্ব পেরোনো নিয়েই শঙ্কা, সেখানে ঠিক উল্টো অবস্থান নেইমারের ব্রাজিলের। একের পর এক ম্যাচে জিতেই যাচ্ছে টিটের শিষ্যরা। বুধবার ভোরে প্যারাগুয়েকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট একরকম নিশ্চিতই করে ফেলেছে ব্রাজিল।
সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এটি টিটের অধীনে টানা নয় ম্যাচে জয় ব্রাজিলের। কৌতিনহোর গোলে এগিয়ে যাওয়ার পর নেইমারের গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল। পরের গোলটি মার্সেলোর।
ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে নেইমারের ফ্রি-কিক প্যারাগুয়ের গোলরক্ষক সিলভা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেওয়ায় এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। ৩৪ মিনিটে অতিথিদের প্রতিরোধ ভাঙেন ফিলিপে কৌতিনহো। আগের ম্যাচে হ্যাটট্রিক পাওয়া পাউলিনহোর সাথে বল দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের জাল খুঁজে নেন এই লিভারপুল মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি পেয়েও তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন অধিনায়ক নেইমার। নেইমারের ধীরগতির শট ডানে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক সিলভা। সেটি নিয়ে অবশ্য বেশিক্ষণ পুড়তে হয়নি স্বাগতিকদের।
ম্যাচের ৬৪ মিনিটে মার্সেলোর পাস থেকে বল পেয়ে পেনাল্টি মিসের শাপমোচন করেন নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার টানা ষষ্ঠ ম্যাচে গোল, আর সেলেসাওদের হয়ে ৫২তম আন্তর্জাতিক গোল।
পরে ৭২ মিনিটে আরেকবার জালে বল পাঠিয়েছিলেন নেইমার। কর্নার ফ্ল্যাগ তুলে উদযাপনও সেরে ফেলেছিলেন। কিন্তু গোলটি অফসাইডের খাড়ায় বাতিলের খাতায় নাম লেখায়।
তাতেও স্বস্তি কমেনি প্যারাগুয়ের। ৮৫ মিনিটে মার্সেলোর চিপে ব্রাজিলের গোল সংখ্যা আরেকদফা বেড়ে যায়। শেয পর্যন্ত এই ব্যবধানে হাসি মুখে মাঠ ছাড়েন নেইমাররা।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্ব কেবল আনুষ্ঠানিকতা দূরত্বে তাদের কাছ থেকে। চার ম্যাচ বাকি। তার আগে এত পয়েন্ট পেয়ে কোন দল বিশ্বকাপে যেতে পারেনি সেটা দেখেনি ফুটবলবিশ্ব!







