চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেলেন নেইমার। আর তাতেই সহজ জয় পেল তার দল। বার্সা তারকার জাদুতেই কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল।
খেলার মাত্র ১২ মিনিটেই নেইমারের ফ্রি-কিকের বল কলম্বিয়ার জালে জড়ায়। ৪১ হাজার সমর্থকের উল্লাসে অ্যারেনা করিন্থিয়াসে তখন কান পাতা দায়। ১-০ গোলের লিড নিয়ে আরো প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়ে ব্রাজিলিয়ানরা।
এরপর অবশ্য আন্দ্রেস রোয়াকে ফাউল করে শুধু হলুদ কার্ড দেখেই বেঁচে যান নেইমার। তবে বিরতির পর আরো বিপজ্জনক হয়ে ওঠে নেইমারের দল। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে বক্সের বাইরে থেকে চমৎকার শটে গোল করেন লুয়ান। জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
রিওর সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে হন্ডুরাস।
অন্য ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। তারা খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। নাইজেরিয়া ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে উঠে।







