এতদিন তিনি জোর দিয়েই বলতেন। নেইমার তাদের সঙ্গেই থাকবেন। এবারও বলছেন। কিন্তু একটু যেন জোর হারিয়েছেন কণ্ঠের। ভাষার ব্যবহারেও পড়েছে সেটির ছাপ। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ এর সবশেষ কথাতেই উঠে এসেছে, এখন নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টি অনেকাংশেই আর বার্সার হাতে নেই। তাই হয়তো বললেন, সবশেষে খেলোয়াড়ই তার ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন।
বার্সেলোনা নেইমারকে ধরে রাখতেই চায়। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পক্ষ থেকে পরিষ্কার কোন কথা আসছে না। ব্যাপারটি আর কেবল গুঞ্জনেও সীমাবদ্ধ নেই। নেইমারের বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত পিএসজিও। পরিস্থিতির গভীরতা আঁচ করতে পারছেন স্প্যানিশ ক্লাবটির সভাপতি।
২৫ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে বার্সেলোনার। সেটি উল্লেখ করে বার্তেমেউ শুক্রবার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘নেইমার আমাদের দলের সেরা খেলোয়াড়দের একজন। আমরা চাই সে এখানে খেলা চালিয়ে যাক। তার চুক্তির চার বছর বাকি আছে এখনও।’
তবে সেই চার বছরের কাগুজে বন্ধনে বার্তেমেউ নিজেই যে ভরসা পাচ্ছেন না সেটি পরিষ্কার পরের কথাতেই, ‘সবশেষ সিদ্ধান্তটা খেলোয়াড়েরাই নিয়ে থাকে। থাকলে বা যেতে চাইলে। বার্সেলোনার দিক থেকে বলতে চাই সবকিছু জিততে আমাদের তার মত সেরাদের প্রয়োজন।’







