নেইমার বার্সেলোনা ছাড়বেন কি ছাড়বেন না গুঞ্জনের জল অনেকদূর গড়িয়েছে। যার সঙ্গে সর্বাংশে জড়িত পিএসজির নামও। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়কে পেতে সবচেয়ে দামী প্রস্তাবটিই তৈরি করে রেখেছে ফরাসী জায়ান্টরা। পিএসজিতে এলে নেইমার হয়ে যেতে পারেন সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
মার্কার দেওয়া তথ্যমতে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে আসতে চায় পিএসজি। সঙ্গে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন নেইমার। আর সেটা হলে মেসিকে টপকে তিনি হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। বার্সার সঙ্গে বাৎসরিক চুক্তিতে আর্জেন্টাইন অধিনায়ক পাচ্ছেন ২৪ মিলিয়ন ইউরো।
পিএসজির সঙ্গে ইতিমধ্যে একটি গোপন চুক্তিও নাকি সারা হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকার বাবা এবং এজেন্ট নেইমার সিনিয়রের। ছেলেকে ফরাসী দলটিতে এনে দিতে পারলে ৪০ মিলিয়ন ইউরো পাবেন সিনিয়র নেইমার। সঙ্গে ছেলের কাছ থেকে কমিশন তো থাকছেই।
এদিকে নেইমারকে ধরে রাখার জন্য বার্সার সমস্ত আশাও দিন দিন ফিকে হওয়ার খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। বার্সেলোনা ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও কাতালুনিয়া তাদের মিতজানিট শোতে বলেছে, নেইমারকে ধরে রাখার ‘২০০ শতাংশ নিশ্চয়তা’ ২২২ মিলিয়ন বাই আউট ক্লজের কাছে মার খেতে যাচ্ছে। নেইমারের বার্সা ছাড়ার সম্ভাবনা ৯৫ শতাংশ বলেও মত রেডিওটির।







