ক্রমেই বড় হচ্ছে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জন। কাতালান ক্লাবটিতে থাকবেন কী থাকবেন না এমন দ্বন্দ্বের মাঝেও জোড়া গোল করে আরেকবার নিজের জাত চিনিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাই যেকোনো মুল্য নেইমারকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সার নতুন কোচ আর্নেস্টো ভালভার্দে।
প্রাক-প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রোববার নেইমারের জোড়া গোলে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারায় বার্সা। এই জুভেন্টাসের কাছে হেরেই গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের।
নেইমারের প্রয়োজনটা তাই ভালোমতই জানা হয়ে গেছে মেসি-সুয়ারেজদের নতুন কোচ ভালভার্দের। চান যেকোনো মূল্যে তাকে ধরে রাখতে, ‘নেইমারকে কোনভাবেই চলে যেতে দেওয়া উচিত নয়। বার্সার মাঠ, ড্রেসিং রুম, সবার মনে সে আছে। আমরা চাই সে থেকে যাক।’
নতুন দলের হয়ে শুরুটাও দারুণ হয়েছে ভালভার্দের। বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী কাতালানদের নতুন কোচ।







