বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়া এখন শুধু একটা ঘোষণায় আটকে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই বন্ধু ও সতীর্থকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি।
মিয়ামিতে রিয়ালের বিপক্ষে ক্লাসিকো জয়ের দিনেই নেইমারকে আবেগী বিদায় জানান মেসি। স্প্যানিশ বিভিন্ন সূত্রের বরাতে সেটা জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইউকে এক্সপ্রেস।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডন ব্যালন দাবি করেছে, মেসি তার লাতিন আমেরিকান ক্লাব সতীর্থকে বিদায় জানিয়ে লিগ-ওয়ানে তার সাফল্য কামনা করেছেন।
ওই পত্রিকার আরও দাবি, বিদায়ী অভিবাদনের জবাবে ব্রাজিল তারকাও তার ক্যারিয়ারে মেসির ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
নেইমারকে বিদায় জানানোর ইঙ্গিতটা আগে থেকেই একটু একটু করে দিয়ে আসছিলেন মেসি। প্রথম নিজের ইনস্টাগ্রাম থেকে ব্রাজিলিয়ানের সঙ্গে থাকা সবছবি মুছে ফেলেন। এরপর ক্লাসিকোর আগের দিন অনুশীলন শেষে নেইমারকে ছাড়াই অন্য সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন তারকা।







