বাঙালি জাতির ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাযজ্ঞের দুর্বিসহ স্মৃতি নিয়ে শুরু হয়েছে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শোকের মাস স্মরণ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। ফুলেল শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন নেতা-কর্মীরা।
১৫ আগস্ট ৩২ নম্বরের নিজ বাসভবনে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেলসহ পরিবারের অন্য সদস্যরা।
দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। জাতির পিতা হত্যার বিচার এবং কয়েকজন ঘাতকের শাস্তি কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা হত্যাকারীদের দেশে এনে রায় কার্যকর করার দাবি দেশবাসীর।
শোককে শক্তিতে পরিণত করার অঙ্গীকারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৫ আগষ্ট ৪০তম জাতীয় শোক দিবস উপলক্ষে চ্যানেল আই মাসব্যাপী বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
আর মাস জুড়ে প্রতিরাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার করাহবে বঙ্গবন্ধুর আত্মকথন পাঠ।







