সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবানের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন আবারও শুরু হয়েছে। হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। নদী, খাল ও ঝিরি-ঝর্ণা শুকিয়ে খাবার পানির তীব্র সঙ্কটে পড়ছে পাহাড়িরা।
বান্দরবানের রুমা, থানছি, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি এবং সদরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের কথা দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছে। পাথর তুলতে প্রতিদিন শত শত শ্রমিক নিয়োগ করছে অসাধু ব্যবসায়ী চক্র।
তারা পাহাড় কাটছে, খুঁড়ছে মাটি। এতে নদী, খাল ও ঝিরি-ঝর্ণার পানি বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যের, দেখা দিচ্ছে পানি সংকট।
পাহাড়িরা বলছেন, এভাবে চলতে থাকলে ঝিরি-খাল পাথরশূন্য হয়ে পড়বে। শিগগিরই হারিয়ে যাবে পানির ধারা। নির্বিচারে পাথর উত্তোলন করায় পানির উৎস বন্ধ হওয়ার পাশাপাশি পাহাড়ে ধসের আশঙ্কা বাড়ছে বলে মনে করেন মৃত্তিকা বিজ্ঞানীরা।
পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন জেলা প্রশাসক।
দুর্গম এলাকায় শুধু আইন প্রয়োগ করে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির তাগিদ দিচ্ছেন তারা।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:










