বাংলাদেশ বিদেশী নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও তার সঙ্গে ভিন্নমত পোষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আমাদের চোখে যে পরিস্থিতি ভালো বলে মনে হচ্ছে, সেটা বিদেশীদের চোখে নাও হতে পারে।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা তুলে নেওয়ার পর শনিবার মার্কিন দূতাবাস আবারো নিরাপত্তা সতর্কতা জারি করে। তবে বাংলাদেশে এখন বিদেশীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেই জানিয়েছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের মুখপাত্র নজরুল ইসলাম।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, যেকোনো দেশ তাদের দেশের নাগরিকদের সতর্কবার্তা জানাতেই পারেন। সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই।
তবে আমরা যেটা বলতে পারি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বিদেশীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি আমরা।
সপ্তাহখানেকের ব্যবধানে দুইজন বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে।
এরপর যুক্তরাষ্ট্র সেই সতর্কতা প্রথমে শিথিল করে এবং পরে তা প্রত্যাহার করে নেয়। ১৭ সেপ্টেম্বর আবারো সতর্কতাবার্তা জারি করে মার্কিন দূতাবাস। যদিও এখনও অন্যান্য দেশগুলো তাদের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি রেখেছে।
বেশ কিছু দেশের বাংলাদেশ বিষয়ে এমন উদ্বিগ্নতার কারণ বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের চোখে দেশের যে পরিস্থিতি ভালো মনে হচ্ছে সেটা তো তাদের চোখে নাও হতে পারে।
‘ওদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো তথ্য রয়েছে, যার প্রেক্ষিতে তারা তুলে নেওয়ার পর নতুন করে এমন সতর্কবার্তা জারি করেছে। বা কেউ কেউ আগের সেই সতর্কবার্তা প্রত্যাহারই করেনি।’
নিজ দেশের নাগরিক নিয়ে তারা উদ্বিগ্ন থাকবেনই এমন উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, দেশে যেসব হত্যাকাণ্ড হচ্ছে তার কোনোটিতেই সঠিক পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। তদন্ত চলছে, নজরদারীতে আছে এমন সব কথার মধ্যে দিয়ে আরো দীর্ঘতর করা হচ্ছে প্রক্রিয়া। সবকিছুই আবার ওই রাজনৈতিক অবস্থানে গিয়ে আটকে যাচ্ছে। এসবের কারণে তারা আমাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। আস্থা রাখতে পারছে না।
তবে এই ব্যাপারে আমাদের করণীয় ব্যাপারে এই বিশেষজ্ঞের মত, তারা তাদের দায়িত্ব পালন করছে, আমাদের উচিত আমাদের দায়িত্ব পালন করা। সঠিকভাবে পদক্ষেপ নিলেই হয়তো এইসব সমস্যা সহজেই দূর করা সম্ভব হবে। দেশের ভাবমূর্তিরও পুনরুদ্ধার হবে।






