দুপুর ১ টা ২১ মিনিটেও ফেসবুকে পোস্ট ছিলো তার। ছিলো অন্য একটি পোস্ট শেয়ার। শেয়ার করা হয়েছিলো একজনের নোটও। আর তারপর ফেসবুক জুড়ে শুধুই হাহাকার।
বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে খিলগাঁওতে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্লগার নিলয় নীলকে।
সুরমা মেহজাবিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট সর্বশেষ শেয়ার করেন ব্লগার নিলয় নীল। তার আগে আফগানিস্তানের হত্যাকাণ্ড নিয়েও পোস্ট দেন তিনি। এরপরেই সব শূন্য।
ফেসবুকে সবাই একের পর এক নিলয়ের ওয়ালে পোস্ট করতে থাকেন। মোহাম্মদ আসিফ নামের একজন ফেসবুকে আর্তনাদ করে ওঠেন,‘ ভাই, ভাই, ভাই।’
ফয়সাল সিকদার নামের একজন লিখেন, ‘নীল, সবাই তোমার জন্য পেরেশান হইয়া আছে।।।। ভাই,, তুই হারাইয়া যাইস না। আমরা আছিতো….’
অমিত অভিমুন্য নামের একজনের দাবী, ‘নিলয় দা কই আপনি? ঘন্টা খানেক আগেও ফেসবুকে ছিলেন ‘
সানজিদা কাজী নামের একজন লেখেন, ‘নিলয়!!! প্লিজ কথা বল ভাই।’
নীল নামের একজনের প্রত্যাশা, ‘খবরটা মিথ্যে হোক… অনলাইনে দেখতে চাই নীলয়কে।’







