গত ২৫ অক্টোবর কবি নির্মলেন্দু গুণ ‘কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্য চাই’ শিরোনামে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটি চোখে পড়ে হালের ক্রেজ পরীমনির। এবং কবিকে ফোন দিয়ে ১ লাখ টাকা দেওয়ার কথা জানান তিনি।
পরীমনির এমন উদারতা দেখে কবি নির্মলেন্দু গুণ পরীমনিকে অনুরোধ করে বলেন, স্যার নয় তাকে যেন তিনি দাদু বা কবি বলে ডাকেন। তিনি পরীমনির উদ্দেশ্যে ফেসবুক স্ট্যাটাসে বলেন: তুমি আমাদের নির্মাণাধীন কবিতাকুঞ্জের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছো এজন্য আমি খুবই খুশি হয়েছি। অন্তরে আনন্দ লাভ করেছি। তোমাকে দোয়া করছি। অভিনয়জীবনে তুমি নিশ্চয় আরো অনেক বড় সাফল্য লাভ করবে।
নির্মলেন্দু গুণ ফেসবুকে আরো জানান, গত বৃহস্পতিবার সকালেও পরীমনির সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছে, শুটিং নিয়ে ব্যস্ত থাকায় গতকাল আমার সঙ্গে কথা বলতে পারেনি। আমার বিকাশ নম্বরে এক দিনে ২৫ হাজার টাকার বেশি পাঠানো যায় না বলে সে আমার ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠাতে চায়। আমি তাকে ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছি এবং কবিতাকুঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তার ইনবক্সে নির্মাণাধীন কবিতাকুঞ্জের বেশ কিছু ছবি পাঠিয়েছি। ধন্যবাদ পরীমনি, আমরাও তোমার পাশে আছি।
অন্যদিকে পরীর সাহায্য গ্রহণ করার জন্য কবি নির্মলেন্দু গুণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢালিউডের বর্তমান সেনসেশন পরীমনি।







