নির্বাহী আদেশে সকল রাজনৈতিক বন্দীর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বর্তমান প্রেক্ষাপটে জরুরি অবস্থা প্রসঙ্গে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ছাত্র সমাজসহ কেউ জরুরি অবস্থা চায় না। আমরাও আর চাই না মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের মতো সরকার।’
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই দাবি জানান। এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সৈয়দ ফজলে ইলাহি অভী ও ফাতেমা আক্তার।
নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনেকে জেলে আছেন। তাদেরকে জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি। শুধু জামিন না, তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ অনুসারে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। শুধু জামিন দিলে হবে না। কারণ পরে আবার হাজিরা দিতে হবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে। সকল মামলা প্রত্যাহার করতে হবে।’
কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করেছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গাতে অনেক বিচারপতি (বিচারক) যারা শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন এখানে বসে। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। যারা রাজনৈতিকভাবে বিচার করেছে, শপথ ভঙ্গ করছে। আমি দাবি জানাচ্ছি, আপনারা বিচার করার অনপুযুক্ত। যারা এসব করেছেন, আমি অনুরোধ করবো এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করুন। না হলে আমরা তাদের নাম বলে দিবো। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। আপনারা আওয়ামী লীগ হয়ে রাজনৈতিক নেতাদের বিচার করবেন, তা হবে না। যারা করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন।
এসময় সুপ্রিম কোর্ট এবং জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।







