মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর প্রাথমিক বাছাইয়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী দৌড় থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ।
ক্রুজ সরে দাঁড়ানােয় রিপাবলিকান দলের মনোয়ন নিশ্চিত হয়ে গেছে নিজ দলের ভেতরই ব্যাপক অজনপ্রিয় ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
সরে দাঁড়ানোর ঘোষণার পর ক্রুজকে একজন শক্ত এবং চৌকস প্রতিদ্বন্দ্বী বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর আগে দুজনেই একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।
কদিন আগেই ট্রাম্পকে ‘মিথ্যাবাদী’ বলে মার্কিন প্রেসিডেন্ট পদের অযোগ্য বলেছিলেন ক্রুজ।
ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য টেড ক্রুজের শেষ সুযোগ। তারা সেই চেষ্টাও করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
টেড ক্রুজ বলেছেন, আমরা আমাদের সাধ্যমত সব করেছি। কিন্তু ভোটাররা অন্য পথ বেছে নিয়েছেন।
ইন্ডিয়ানায় ডেমোক্র্যাট শিবিরে হিলারি ক্লিনটনের চেয়ে অল্প ব্যবধানে জয় পেয়েছেন বার্নি স্যার্ন্ডার্স। আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হয়েছেন। প্রাথমিক ফলাফল জরিপ অনুযায়ী প্রায় ৫২ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন ট্রাম্প। টেড ক্রুজ পেয়েছেন ৩৬ দশমিক ৯ শতাংশ ভোটারের সমর্থন।
ভোটারদের পাশাপাশি ডেলিগেটদের সমর্থনেও এগিয়ে ট্রাম্প। ৫৭ ডেলিগেটের মধ্যে ৫১ জনের সমর্থন পেয়েছেন ট্রাম্প।
ডেমোক্র্যাটদের প্রায় ৫৩ দশমিক ১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন স্যার্ন্ডাস। আর হিলারি পেয়েছেন ৪৬ দশমিক ৯ শতাংশ ভোটারের সমর্থন। তবে ডেলিগেটদের সমর্থনে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন।









