টি-টুয়েন্টি সিরিজ খেলে নিরাপদে ফিরে আসা বাংলাদেশ দল টেস্ট খেলতে দ্বিতীয়দফা পাকিস্তান সফরে গেছে। স্বাগতিক দেশ প্রথমদফায় টাইগার ক্রিকেটারদের দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। টেস্ট সিরিজেও ব্যতিক্রম হচ্ছে না। মুমিনুল হকের দল তাই নিরাপত্তার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ভাবছে শুধুই শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া ম্যাচ নিয়ে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বললেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা আর ভাবছি না এই মুহূর্তে। আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে খুশি। তারা আমাদের ভালো আতিথেয়তা দিচ্ছে।’
নিরাপত্তা নিয়ে চিন্তা কমলেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অভাবে বাড়তি ভাবনা থেকেই যাচ্ছে দলে। অধিনায়ক দেশ ছাড়ার আগে বলে গেছেন সেটি। বললেন ম্যাচের আগেরদিনও, ‘দলের সেরা খেলোয়াড়ের না থাকাটা কঠিনই। তবে, এটা অনেক বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের জন্য।’
১৬ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানে সাদা পোশাকে খেলার অভিজ্ঞতা নেই বর্তমান দলের কারোরই। অচেনা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার তেমন সুযোগও পাচ্ছে না টাইগাররা। বৃহস্পতিবার প্রথমবার অনুশীলন করে শুক্রবারই নেমে পড়তে হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে। অনুশীলনে যতটুকু ধারণা হয়েছে সেটিকেই পুঁজি করে নেমে পড়তে হবে ময়দানী লড়াইয়ে।
‘দেখেন, যে দেশে যাবেন সেদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে, কন্ডিশনটা খুব ভালো, একটু ঠাণ্ডা আছে। তবে সেটা ভালোভাবে মানিয়ে নিতে পারব। প্র্যাকটিসের উইকেট ও ম্যাচ উইকেট একটু আলাদা থাকতে পারে। এটা নিয়ে বলাটা আসলে কঠিন।’ যোগ করেন মুমিনুল।







