দেশে ভূমিদস্যুদের দখল-বেদখলের খেলায় অনেক জায়গায় নিম্ন আদালতের জমিও অবৈধ দখলে চলে গেছে। জেলা প্রশাসন তা উদ্ধারে তৎপর হওয়াতো দূরের কথা, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়ই না। এ অবস্থায় নিম্ন আদালতগুলোর বেদখল সব জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে খোদ প্রধান বিচারপতিকে নির্দেশ দিতে হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন আদালতের বেদখলীয় জমি পুনরুদ্ধারে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সম্প্রতি প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়: ‘প্রধান বিচারপতির গোচরীভূত হয়েছে যে, সারাদেশের অধস্তন আদালতসমূহের মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে বা দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তা সত্ত্বেও এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা জেলা জজ কর্তৃক সুপ্রিমকোর্টকে অবহিত না করা হতাশাব্যঞ্জক।’
‘আদালতসমূহে বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় স্থান সংকট রয়েছে। অধস্তন আদালতসমূহের যে জায়গা রয়েছে তার অতিরিক্ত সরকারি জায়গা বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ ও দূরুহ। সে কারণে অধস্তন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধার করা এবং আদালতের জমি দখলের অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।’
এ অবস্থায় আদালতগুলোর মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষা করা এবং বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।








