চলতি চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যেই একটি রেকর্ড গড়া হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বুধবার নিজেদের মাঠে জুভেন্টাসের বিপক্ষে তিন গোল করতে পারলে রিয়াল মাদ্রিদ মহাতারকা ছুঁয়ে ফেলবেন নিজের গড়া আরেকটি রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে ১৭ গোলের রেকর্ড।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসকে আতিথ্য দেবে বর্তমান শিরোপাজয়ী রিয়াল। প্রথম লেগে রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান জায়ান্টদের তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোসরা।
টানা তৃতীয়বারের মতো ইউরোপ জয়ের মিশনে চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচে ১৪ গোল করেছেন রোনালদো। টানা ১০ ম্যাচে গোল করে ভেঙ্গেছেন ডাচ সাবেক রুড ফন নিস্টলরয়ের টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল গোল পাওয়া থেকে তার রেকর্ডের যাত্রা শুরু। বুধবার গোল পেলে এক চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমেই টানা দশ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হবেন সিআর সেভেন।
আর যদি হ্যাটট্রিক করেই ফেলেন, তা হবে সোনায় সোহাগা। ২০১৩-১৪ মৌসুমে এক চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে সর্বোচ্চ ১৭ গোল করেছিলেন। ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ডও। চার গোল হলে তো ভেঙ্গেই ফেলবেন নিজের রেকর্ডটাই।
২০১৫-১৬ চ্যাম্পিয়ন্স লিগেও ১৬ গোল করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সেবার টুর্নামেন্ট জিতেছিল রিয়াল। জিতেছিল ২০১৪ সালেও। পর্তুগিজ গোলমেশিন গোল পেলে যে শিরোপার পথ পরিষ্কার হয় তা জিনেদিন জিদান ভালই জানেন। বরাবরের মতোই প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসিয়ে জিজু কৌশলে জাগিয়ে তুলেছেন রোনালদোর গোলক্ষুধাও, ‘ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানোর মতোই। আর কেইবা আছে যে তার মতো এত গোল করতে পারে?’
নিজেদের মাঠে প্রতিপক্ষ জুভেন্টাসকে নিয়ে না ভেবে, গোল করার দিকে মনোযোগ না দিয়েও চলবে রোনালদোর। একে তো ৩ গোলে পিছিয়ে জুভরা, তার উপর নিজের সেরা অস্ত্র পাওলো দিবালাকে পাচ্ছেন না কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দল। প্রথম লেগে লাল কার্ড দেখে ছিটকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচ জয়ের চিন্তা তাই বাদ দিয়ে আপাতত উপভোগ্য একটি ম্যাচ উপহার দিতে চান জুভেন্টাস ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি, ‘আমরা কান্নাকাটি করতে চাই না। শুধু দেখার মত একটা ম্যাচ উপহার দিতে চাই। ফুটবলে আর জীবনে যে কখন কী হয় তা কেউ বলতে পারে না।’







