আসামের জোরহাট শহরের ছেলে জুবিন গার্গ এবার নিজের দেশে এসে গান গাইতে পারেননি। মঞ্চে এসে তার গান থামিয়ে দেওয়া হয়, তাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। জুবিনের বিরুদ্ধে উদ্যোক্তাদের অভিযোগ, বিহুর মঞ্চে জুবিন হিন্দি গান করছিলেন। এরপর মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার সময় উদ্যোক্তাদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন জুবিন।
জানা গেছে, শুক্রবার রাতে নুনমাটি বিহু সম্মেলনে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয় বলিউডের এ সময়ের জনপ্রিয় সংগীততারকা জুবিন গার্গকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে ইভেন্ট ব্যবস্থাপক অনুষ্ঠানের আগেই নাকি জুবিনকে আসামিয়া ছাড়া অন্য কোনো ভাষায় গান না গাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু জুবিন মঞ্চে গিয়ে ‘কৃষ থ্রি’ ছবিতে তাঁর গাওয়া ‘দিল তু হি বাতা’ গানটি গাইতে শুরু করেন। আর তখনই মঞ্চে এসে উদ্যোক্তারা তাকে থামিয়ে দেন। বিহু ছাড়া অন্য গান গাইতে নিষেধ করেন। তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
পরে সংবাদ মাধ্যমকে জুবিন জানান, অনুষ্ঠানের আগে তার সঙ্গে উদ্যোক্তারা এ ব্যাপারে কোনো কথা বলেননি। আর অনুষ্ঠানের মঞ্চে ওঠে যেভাবে তাকে থামিয়ে দেওয়া হয়, তাতে তিনি খুবই অপমানিত হয়েছেন। তাই তিনি মঞ্চ ছেড়ে নেমে আসেন।
জুবিন গার্গ এখন আসামিয়া ভাষার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী। তিনি বলেন, ‘গান গাওয়ার ব্যাপারে শিল্পীরা অবশ্যই স্বাধীনতা থাকতে হবে। আর গত ২৫ বছরে আমি ১৬ হাজারেরও বেশি গান গেয়েছি। আসামিয়, হিন্দি, বাংলা—সব ভাষায় আমার গাওয়া গান রয়েছে।’
এদিকে নুনমাটি বিহু সম্মেলনের সভাপতি মধু রঞ্জন নাথ বলেন, ‘৫৩ বছর ধরে আমাদের এই সম্মেলন হচ্ছে। কিন্তু এখানে আসামিয়া ছাড়া অন্য কোনো ভাষায় গান করার রেকর্ড নেই।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ এইটিন ডটকম।







