ফিনল্যান্ডে হেলসিংকিতে সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্য ভুল ছিল বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার ওপর তার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে বলেও জানান ট্রাম্প।
সোমবার ফিনল্যান্ডে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নাকচ করেন ট্রাম্প। রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলার পর থেকেই নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
হেলসিংকিতে বৈঠকের একদিন পরেই মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের বক্তব্য পর্যালোচনা করে ভুলের কথা স্বীকার করে ট্রাম্প বলেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে শুধু রুশ গোয়েন্দারাই নয় এর সঙ্গে আরো অনেকেই জড়িত ছিল বলে জানান ট্রাম্প। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেন ট্রাম্প।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর থেকেই চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই নেতার বৈঠকের নিন্দা জানিয়ে, রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন আইনপ্রণেতারা।
ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্ত বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত জানতে পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের অবিলম্বে সিনেটে শুনানির আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটরা। মার্কিন নির্বাচনের নিরাপত্তা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক বিলের আহ্বান জানান তারা।
এর আগে, বৈঠকে ট্রাম্পের ব্যর্থতায় কঠোর সমালোচনা করেন সিনেটররা। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টিকে লজ্জাজনক, মানহানিকর ও দুঃখজনক বলেছেন তারা।







