বছর জুড়ে চলা গুঞ্জন’কে সত্য প্রমান করে নিজের বাগদানের খবর জানিয়েছেন মহিলা টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস শিরোপা জেতা ৩৫ বছর বয়সী সেরিনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রেডিটের অন্যতম মালিক অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বাগদানের কথা জানিয়েছেন। তবে কবে বিয়ে করছেন তা জানাননি ‘ছোট-উইলিয়ামস’।
নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং’এ আয়োজিত সংবাদ সম্মেলনে সেরেনা তার জীবনের সবচেয়ে খুশীর খবরটি দেন। সংবাদ সম্মেলনের আয়োজনের দায়িত্বে ছিলো সেরেনার প্রেমিক অ্যালেক্সিস ওহানিয়ানের মালিকানাধীন রেডিট। সেরেনা জানান, রোমে দু’জনের প্রথম দেখায় তাকে বিয়ের প্রস্তাবটি দেন ওহানিয়ন।
বাগদানের ঘোষনার পরপরই ওহানিয়ান ফেইসবুকে ‘সে হাঁ বলেছে’ স্ট্যাটাসটি আপলোড করেন। আর সেরেনা জানুয়ারিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের জন্য প্রস্তুতি সারতে নিউইয়র্ক থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছান।
বাগদানের সংবাদে উচ্ছাস প্রকাশ করেছেন সেরেনার বড় বোন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস।







