‘আমাকে কিন্তু সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) প্রথম গল্প-উপন্যাস লেখার ব্যাপারে পরামর্শ দেন। এর আগে আমি কলাম লিখেছি, তখনো গল্প-উপন্যাস লেখা শুরু করিনি। সাগর ভাইয়ের উৎসাহেই গল্প-উপন্যাস লেখা শুরু করি।’ বললেন আনিসুল হক।
সেই দিনগুলোর কথা এখনো মনে আছে দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিকের। তাই যখন নিজের নতুন বই বের হয়, তা নিজের হাতে উপহার দিতে আসেন ফরিদুর রেজা সাগরকে।
আজ শনিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে আসেন আনিসুল হক। ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফরিদুর রেজা সাগরের হাতে তুলে দেন নিজের নতুন বই ‘প্রিয় এই পৃথিবী ছেড়ে’ আর ‘এক লক্ষ লাইক’। ফরিদুর রেজা সাগরও তাঁর লেখা নতুন বই ‘মানুষের মুখ’ ৫ ও ৬ আর ‘সেরা সাত ছোট কাকু’ উপহার দেন আনিসুল হককে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমিরুল ইসলাম।
বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় এবার আনিসুল হকের নয়টি বই বেরিয়েছে। বইগুলো হলো ‘প্রিয় এই পৃথিবী ছেড়ে’, ‘এক লক্ষ লাইক’, ‘গুড্ডু বাবুর হাসিসমগ্র’,‘আমার একটা আকাশ আছে প্রিয়’, ‘দ্য বস ইজ অলওয়েজ রাইট’,‘ভালোবাসি, ভালোবাসি’, ‘ভালো লাগা কৌতুকগুলো’ ও ‘শ্রেষ্ঠ হাসির উপন্যাস’।









