অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ভারত ২-০ গোলে হেরে যাওয়ায় শিরোপা জেতা হল না বাংলাদেশের। ভারতকে হারানোয় পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখে। সেজন্য ভারতকে জিততে হতো। ম্যাচটি ড্র হলেও শিরোপা আসতো বাংলাদেশে।
ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় নেপালকে এগিয়ে দেন দীনেশ হেনজান। প্রথমার্ধের ৩৭ মিনিটের সময় ওই দীনেশ আরেকটি গোল করে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন।
বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল জাফর ইকবালের জোড়া গোলে। ৮১তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢুকে একক প্রচেষ্টায় গোলরক্ষককে মাপা শটে পরাস্ত করেন জাফর। ৮৩তম মিনিটে দ্বিতীয় গোল করেছিলেন তিনি। প্রতিযোগিতায় ফরোয়ার্ডের গোল ৫টি।
১৮ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের পর্দা ওঠে। বুধবার ছিল টুর্নামেন্টের সমাপনী দিন। শিরোপা জয়ের মিশনে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৪টায় স্বাগতিক ভুটানের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়ে ভারতের বিপক্ষে। শিরোপা জিততে হলে বাংলাদেশকে নিজেদের ম্যাচে তো জিততেই হতো, সঙ্গে ভারতের বিপক্ষে নেপালকে হারতে হতো।










