‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজভী বলেন: অজ্ঞাত এক ব্যক্তি সজলের সন্ধানের বিষয়টি প্রথমে শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ফোনে জানান। পরে কিরণ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জানালে রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ।
সজল জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। মঙ্গলবার থেকে সজল নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
সজলের স্বজনরা জানান: তার নিখোঁজের পর গতকাল বুধবার সজলের স্ত্রী, বোন ও ভগ্নিপতি খিলগাঁও থানায় জিডি করতে যান। তখন পুলিশ জিডি না নিয়ে বলে, ‘আপতত জিডি দরকার নেই। আপনারা খুঁজেন, আমরাও খুঁজি।’
এর আগে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সজলকে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সাংবাদিকদের জানান।







