খুলনায় নিখোঁজের তিনদিন পর চর্তুথ শ্রেণীর শিক্ষার্থী হাশমী সরদারের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ং ঘাটার কার্ত্তিককুল গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি সরদারডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান সরদারের ছেলে ও সরদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
আড়ংঘাটা থানার ওসি নাসিম খান জানান, সকালে একটি ডোবা নালার মধ্যে বস্তাবন্দী মৃতদেহ দেখে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি জানান, শিশুটি তিনদিন আগে থেকে নিখোঁজ ছিলো। বুধবার তার পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। তবে কে বা কিভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।
শিশুর পিতা হাফিজুর রহমান জানান, গত ৬ জুন বিকেলে হাশমী অন্যদের সঙ্গে খেলতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। অনেক চেষ্টা করেও কোনো খোঁজ না পাওয়ায় বুধবার তারা থানায় অভিযোগ দায়ের করেন।








