যুববিশ্বকাপের স্বাগতিক দল নিউজিল্যান্ডকে ২০২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান!
একে তো নিজেদের মাঠে খেলা। তার ওপর দলটি বেশ শক্তিশালী। এমন দলকে আফগানিস্তানের মতো নয়া ক্রিকেট খেলুড়ে দেশের এভাবে হারানোয় ক্রিকেটবিশ্বে আলোচনার ঝড় উঠেছে। আইসিসি তাদের ম্যাচরিপোর্টে এই জয়কে আফগান যুবাদের জন্য ‘স্বপ্নের চেয়েও বেশি কিছু’ বলে আখ্যায়িত করেছে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী পাকিস্তানকে হারায় আফগানিস্তান। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে তারা।
এদিন যুদ্ধবিধ্বস্ত দেশের ছেলেরা টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৯ রান তোলে। তাদের চারজন ব্যাটসম্যান ৬০’র বেশি করে রান করেন। জবাব দিতে নেমে ২৮.১ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় কিউইরা। দুই স্পিনার মুজিব জাদরান এবং কায়েস আহমেদ চারটি করে উইকেট নেন।
আফগানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রহমতুল্লাহ (৬৯) এবং ইব্রাহিম (৬৮)। তারা ১১৭ রানের জুটি গড়েন। এরপর মিডলঅর্ডারে বাহির শাহ ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লোয়ারঅর্ডারে আজমতুল্লাহ ওমারাজি ২৩ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর বড় করেন। তিনটি চার এবং সাতটি ছয় হাঁকান। ম্যাচসেরা হয়েছেন তিনি।
জবাব দিতে নেমে আফগানিস্তানের স্পিন জাদুতে খেই হারায় কিউইরা। লেগব্রেক বোলায় কায়েস আহমেদ ৯ ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নেন। অফব্রেক বোলার মুজিব আরও বিধ্বংসী। ৮.১ ওভারে মাত্র ১৪ রান দিয়ে চারজনকে ফেরান তিনি।








