নানা আয়োজনে বাংলা নববর্ষ -১৪২৪ বরণ করছে নিউইয়র্ক প্রবাসী বাঙালি। শুক্রবার থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নাচ-গান, ফ্যাশন-শো, পান্তা আর ইলিশ আর নানা ধরণের ভর্তা পরিবেশনের মাধ্যমে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে।
ছুটির দিন শনিবার এসব আয়োজনে সাধারণ মানুষের ছিলো উপচে পড়া ভীড়। সবচেয়ে বড় আয়োজন ছিলো জ্যামাইকার পিএস ১৩১ স্কুলে। এখানে বৈশাখী মেলার আয়োজন করে নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব এনওয়াই, নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম এন ওয়াই, নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরাম এন ওয়াই।
অনুষ্ঠানে নিউইয়র্ক গভর্নর ও সিটি মেয়রের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছাপত্র পাঠ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান নিজ ঘরে আরও বেশি বাংলা চর্চায় মনোনিবেশ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। নতুন বছরে বাংলাদেশ অন্য উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন কনসাল জেনারেল।
বক্তৃতা করেন বিশিষ্ট বাঙ্গালী ডেমোক্রেট নেতা মোর্শেদ আলম, এন আর বি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ অন্যরা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে যাওয়া স্বনামধন্য শিল্পীরা। বৈশাখী সাজে ফ্যাশন-শো ছিলো মেলার অন্যতম আকর্ষণ।
শুক্রবার জ্যাকসন হাইটসে শোভাযাত্রাসহ বর্ণিল মেলার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। ছোট-বড় সব মানুষের মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ।
এছাড়া প্রতিটি বাঙালি পরিবারে ছিলো বিশেষ খাবারের আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টে ফ্রি পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।








