ছোট পর্দায় রীতিমত নিয়মিত মুখ অভিনেতা আফফান মিতুল। স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব সিরিজেও নিয়মিত দেখা যায় তাকে। বড় পর্দায় অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে এই প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন তরুণ এই অভিনেতা। আর প্রথমবার নায়ক হিসেবে অভিনয় করতে যেয়েই নায়িকায় মুগ্ধ হলেন আফফান!
‘নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন সারা জেরিন ও আফফান মিতুল। ছবিতে গ্রামের চঞ্চল তরুণী নিঝুমের চরিত্রে অভিনয় করছেন জেরিন। যাকে সহশিল্পী হিসেবে পেয়ে মুগ্ধ আফফান মিতুল।
ছবিতে তাকে দেখা যাবে একজন বোবা ছেলের চরিত্রে। যার নাম কিশোর। নিঝুম ও কিশোরের প্রেমকাহিনীই ছবির মুখ্য বিষয়। এরইমধ্যে শুরু হয়েছে ‘নিশ্চুপ ভালোবাসা’র শুটিং।
আফফান মিতুল জানালেন, ডিসেম্বরের ১ তারিখ থেকে একটানা ৬ ডিসেম্বর পর্যন্ত উলুখোলায় হয়েছে ‘নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রের প্রথম লটের শুটিং। খুব শিগগিরই শুরু হবে এই চলচ্চিত্রের শেষ লটের শুটিংও।
ছবিটি নিয়ে আশাবাদী আফফান। জানালেন, এর আগেও আমি চলচ্চিত্রে কাজ করেছি, কিন্তু ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিটি আমার জন্য স্পেশাল। কারণ এই ছবির মধ্য দিয়েই প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আর এই ছবিতে আমার বিপরীতে নায়িকা হিসেবে জেরিনকে পেয়েছি, সেও দারুণ অভিনেত্রী।
কিশোর রাব্বানীর চিত্রনাট্যে ও রাশেদ খানের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রুবেল মাহমুদ।‘নিশ্চুপ ভালোবাসা’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন রাশেদ প্রহর, রাশেদ খান, রিপন গাজি, নূর হোসেন চার্লি, রোজিনা, উত্তম অধিকারী, সরল হাসমত, সিমান, রুবেল মাহমুদ সহ আরো অনেকেই।
জী হুজুর, রোমিও ২০১৩, অন্যরকম ভালোবাসা চলচ্চিত্রগুলোতে সারা জেরিনের অভিনয় নজর কাড়েন। এদিকে, আফফান মিতুল আলোচনায় আসেন হরিজন, নেকাব্বরের মহাপ্রয়াণ, গন্তব্য চলচ্চিত্রগুলোতে অভিনয় করে।







