দ্রুত বিচার ট্রাইব্যুনালে অপরাধীর বিচারের দাবি জানিয়েছেন চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের বাবা মাশুক আহমেদ। মেয়ের ওপর কথিত প্রেমিক বদরুল আলমের হামলার খবরে কর্মস্থল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি।
সাংবাদিকদের দেয়া বক্তব্যে মাশুক আহমেদ মেয়ে নার্গিসকে হত্যাচেষ্টা মামলার বিচার যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান। আর কোনো মেয়ের সঙ্গে যেন এমন ভয়াবহ ঘটনা না ঘটে, সেজন্য জরুরিভাবে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
এছাড়াও সাংবাদিকদের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে নার্গিসের জন্য দোয়া চান।
চীন থেকে আসা নার্গিসের বড় ভাই শাহীন নিজে একজন ডাক্তার। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, নার্গিসের চিকিৎসার দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, নার্গিসের অবস্থা এখনো আশঙ্কাজনক।
তবে যেহেতু ডাক্তারদের বেঁধে দেয়া ৭২ ঘণ্টা শুক্রবার পূর্ণ হবে, সেদিনই পরিবারের সঙ্গে নার্গিসের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন শাহীন।







