নারী নির্যাতন মামলায় চিত্রপরিচালক ইয়াসির আরাফাত জুয়েলকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।
তিনি বলেন, স্ত্রী চন্দনার নারী ও শিশু নির্যাতন মামলায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরওয়ানা জারি ছিল। সে মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।
ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে মামলাটি করেছিলেন তার স্ত্রী চন্দনা রাণী শর্মা। জানা গেছে, ২০১৩ সালের ১৩ই মার্চ চন্দনাকে বিয়ে করেন জুয়েল। কিন্তু বিয়ের পর থেকে শারীরিক ও মানসিকভাবে বারবার নির্যাতন করে আসছিলেন তিনি। শেষতক বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন স্ত্রী চন্দনা।
ইয়াসির আরাফাত জুয়েল ‘মুখোশ মানুষ’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন।








