দেশজুড়ে করোনা সংক্রমণের যে হার তাতে উদ্বেগ ছিলই। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগের টেস্টে তিনজনের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। তাদের মধ্যে একজন খেলোয়াড়, একজন ট্রেনার, আরেকজন কোচিংস্টাফের সদস্য।
চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন, ‘বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।’
আজ দুপুর একটায় নিউজিল্যান্ডের পথে রওনা হবে নারী দল। কিন্তু পুরো দল নিয়ে যাওয়া হচ্ছে না। বিশ্বকাপ অভিযানের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে গতকাল নুজহাত তাসনিয়াকে যোগ করে স্কোয়াড বড় করা হয়।
নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলে এসে মিরপুরে মাত্র ৫ দিন ক্যাম্প করতে পেরেছে টিম টাইগ্রেস।
এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে মেয়েরা। আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।







