একজন নারীও কোনো এক সময় রোমান ক্যাথলিক চার্চের পুরোহিত হিসেবে দায়িত্ব নেবেন – এমন ধারণা সরাসরি নাকচ করেছেন পোপ ফ্রান্সিস।
এর আগেও আর্জেন্টিনিয়ান এই পোপ নারীদের পুরোহিত হিসেবে দীক্ষা না দেয়ার কথা বলেছেন। কিন্তু এবার সংবাদ সম্মেলনে এক সুইডিশ সাংবাদিকের জোরাজুরিতে তিনি সরাসরি জানিয়েই দিলেন, নারীদের জন্য এই নিষেধাজ্ঞা চিরকাল বহাল থাকবে।
পোপ ফ্রান্সিস বলেন, “সেইন্ট পোপ দ্বিতীয় জন পল শেষ স্পষ্টভাবে বলেছিলেন এ বিষয়ে এবং সেটা বহাল থাকবে, সেটাই বহাল থাকবে।” প্রমাণ হিসেবে তিনি ১৯৯৪ সালের একটি দলিলের উল্লেখ করেন যেখানে বলা হয়েছে, একজন নারী কখনোই ধর্মযাজক হওয়ার সুযোগ পাবেন না।
সুইডেন থেকে রোমে ফেরার পথে পোপের নিজস্ব প্লেনে হওয়া ওই সংবাদ সম্মেলনে পোপের জবাবে আবার প্রশ্ন করেন সেই সুইডিশ রিপোর্টার। জানতে চান, নারী পুরোহিত হতে পারবেন না – এই নিষেধাজ্ঞা চিরকালের জন্য কিনা। পোপ ফ্রান্সিস বলেন, “আমরা সেইন্ট দ্বিতীয় জন পলের ঘোষণাপত্রটি খেয়াল করে পড়লে বুঝতে পারব সেটা এমনটাই নির্দেশ করে।”
পোপ আরও বলেন, নারীরা অন্য অনেক কাজই পুরুষের চেয়ে ভালোভাবে করতে পারেন। সেগুলোকে তিনি ‘চার্চের কর্মকাণ্ডের নারী সংস্করণ’ বলে উল্লেখ করেন।
“লোকে আমার কাছে জানতে চায়, কে ধর্মীয় দিক থেকে বা চার্চের আধ্যাত্মিকতার দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, যিশুর অনুসারীরা, নাকি মেরি?” বলেন পোপ, “মেরি, অনেক বেশি।”
তবে নারীদের নিয়ে এই প্রশংসাসূচক বক্তব্যে নারীবাদী ক্যাথলিকদের মন ভরবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা তারা চান চার্চে নারীদের আরও বড় দায়িত্ব ও পদ দেয়া হোক, যার মধ্যে পৌরহিত্যও থাকতে হবে।
এ বছরের শুরুর দিকে পোপ ফ্রান্সিস একটি গবেষণার অনুমোদন দেন, যার বিষয়বস্তু ছিল চার্চের ইতিহাসে নারী ধর্মগুরুদের ভূমিকা। তখন অনেকের মাঝেই একটা আশার সঞ্চার হয়েছিল যে, হয় তো এবার নারীদেরকেও পুরোহিত হওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু পোপের এবারের কথায় সেই আশার আলো পুরোপুরিই নিভে গেল।








