শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর বড় আকর্ষণ কুমারী পূজা। সহস্রাধিক প্রদীপ প্রজ্বলনে হয়েছে সন্ধি পূজাও। সকাল থেকে মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ঢল। তারা বলেন, জগতে নারীশক্তির আরাধনা ও নারীর মর্যাদা বৃদ্ধির কথা বলে দুর্গাপূজা।
কুমারীই প্রকৃতি, কুমারীই নারী জাতির প্রতীক-এই আরাধনায় শুরু হয় মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা দেখতে সমাগম হাজারো সনাতন ধর্মাবলম্বীদের।
নতুন কাপড়, হাতে ফুল, কপালে সিঁদুর আর পায়ে আলতা পরিয়ে সুসজ্জিত আসনে বসিয়ে, ষোড়শ উপাচারে পূজা করা হয় কুমারী দেবীকে! চারদিক মুখরিত শঙ্খ, উলুধ্বনি আর দেবীর স্তুতিতে।
পুরাণ মতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে! দুর্গার অঙ্গরূপে ১৬ বছরের নিচে যেকোনো কুমারীকে দেবীরুপে পূজা অর্চনা করেন ভক্তরা। এবার কুমারী হয়েছেন মানিকগঞ্জ জেলার ৮ বছর বয়সী মিতালী চক্রবর্তী। শাস্ত্র মতে তার নাম কুজ্ঝটিকা।
কুমারী পূজার পরই শুরু হয় অষ্টমীর তাৎপর্যপূর্ণ সন্ধি পূজা। অষ্টমী ও নবমী তিথির মধ্যভাগের ৪৪ মিনিটে অনুষ্ঠেয় পূজা হলো সেই প্রতীক, যখন দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন।








