পুরুষশাসিত সমাজে প্রতিবন্ধকতা থাকবেই উল্লেখ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে মেয়েদের এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। নারীদের বাদ রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
দেশের দুস্থ, অবহেলিত, সুবিধা বঞ্চিত নারীদের পাশে দাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের কারিগরী শিক্ষা, আইন সহায়তা দেয়াসহ নারীদের পাশে থাকে বাংলাদেশ মহিলা সমিতি। সমাজের অনাগ্রসর নারীদের জন্য আরো সুযোগসুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নতুন কমপ্লেক্স, সেই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগগুলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা ভেদ করে নারীদের এগিয়ে আনা হয়েছে। একটি দেশকে উন্নতি করতে হলে নারী পুরুষকে সমান ভাবে উন্নতি করার সুযোগ দিতে হবে। সমাজের অর্ধেক অঙ্গকে দূর্বল রেখে একটা সমাজ উঠে দাঁড়াতে পারে না। কাজেই আমরা এদিকে লক্ষ রেখেই এ উন্নয়নটা করে যাচ্ছি।
‘ধীরে ধীরে আমাদের মেয়েরা যেখানে যে সুযোগ পাচ্ছে তারা দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।’
সমাজ পরিবর্তনের জন্য সংস্কৃতির বিকাশের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সাধারণভাবে পুরুষ শাসিত সমাজে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো আসে সেগুলো অতিক্রম করেই আমাদের চলতে হবে। মেয়েদের নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। সেইভাবে গড়ে তুলতে হবে তখনই যখন আমরা মেয়েদের আরো সুশিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পারবো। সেই সাথে সমাজের তাদের অবস্থানটা নিয়ে আসতে পারবো।
নতুন ভবনে নাটক মঞ্চস্থ করার জন্য আধুনিক থিয়েটার নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।






